ভান্ডারিয়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে মামলা
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ৬ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অসুস্থ ও ভীতসন্ত্রস্ত অবস্থায় ওই ছাত্রীকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে ভান্ডারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, গত ১৯ অক্টোবর দুপুরে উপজেলার তেলিখালী ইউনিয়নে নদীর পাড়ে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে। এ ঘটনায় একই গ্রামের ৫৫ বছর বয়সী করিম শিকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছেন স্বজনরা। ভুক্তভোগী শিশুটি স্থানীয় ২৯ নম্বর দক্ষিণ তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর আনুমানিক দেড় টায় দিকে শিশুটির বাবা মো. হায়দার মাতুব্বর তার ৬ বছরের মেয়েকে নদীর পাড়ে একটি নৌকায় বসিয়ে রেখে কচুরিপানা ও গো-খাদ্য সংগ্রহের কাজ করছিলেন। কিছুক্ষণ পর এসে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। অভিযোগ রয়েছে, শিশুটিকে একা পেয়ে নির্জন স্থানে নিয়ে শিশুটির ওপর শারীরিক নির্যাতন চালায় অভিযুক্ত করিম শিকদার। ঘটনার পর শিশুটিকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে বিষয়টি চেপে রাখার চেষ্টা করা হয়।
শিশুটির বাবা মো. হায়দার মাতুব্বর জানান, মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে ঘটনার কথা জানায়। তার শরীরে আঘাত ও নির্যাতনের চিহ্ন রয়েছে। শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। আমরা এই পৈশাচিক অপরাধের দৃষ্টান্তমূলক বিচার চাই।
শিশুটির মা খাদিজা বেগমও অভিযুক্তের কঠোর শাস্তি ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত করিম শিকদারের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি।
এদিকে, পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির চিকিৎসা ও শারীরিক পরীক্ষা প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে, আইনি প্রক্রিয়া ও মামলা সম্পন্ন না হওয়া পর্যন্ত এ বিষয়ে চিকিৎসকরা গণমাধ্যমে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, ঘটনার বিষয়ে ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ভান্ডারিয়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত করিম সিকদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
