কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান : ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় কচাঁ নদীতে অভিযান চালিয়ে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার বিকেলে কচাঁ নদীসহ উপজেলার বিভিন্ন নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকার ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও কেনাবেচা আইনত নিষিদ্ধ।
সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে শনিবার কাউখালী উপজেলার ৫টি নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদী থেকে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ ইলিশ আহরণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
