পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
‘পুলিশ জনতা, ঐক্য গড়ো-শান্তি সমাজ রক্ষা করো’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় পৌর শহরের নায়োরী কমিউনিটি সেন্টারে পিরোজপুর সদর থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
পিরোজপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি শেখ শহিদুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, পিরোজপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন এবং পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, বিগত ৬ মাসে আমরা পিরোজপুরে ৫টি বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে মাদকের ব্যাপকতার তুলনায় তা সামান্য। আমরা মাদক কারবারিদের পাশাপাশি আগামী সপ্তাহ থেকে মাদকসেবীদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব।
জনসাধারণ ও কমিউনিটি পুলিশিং কমিটির উদ্দেশ্যে তিনি আরও বলেন, অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। এমনকি কোনো মাদকসেবীকেও ছাড় দেওয়া হবে না, তাদের আসামি করে জেলখানা ভর্তি করা হবে।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে এককভাবে সমাজ মাদকমুক্ত করা সম্ভব নয়। নিজ নিজ পরিবার ও সমাজকে সচেতন করতে হবে এবং পুলিশকে সঠিকভাবে কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে।
সভায় বক্তারা অপরাধ দমন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতা সম্পর্কের উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
