দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে : হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি বলেছেন, গণঅভুুত্থানের চেতনা বাস্তবায়ন করতে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে।
গণঅভ্যুত্থানের সময় রাজপথে স্লোগান দিয়েছিলেন উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, সে সময় আমরা স্লোগান দিয়েছিলাম তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প। তাই বিকল্প রাজনীতিকে প্রতিষ্ঠা করতে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে। নির্বাচনের আগে আমরা জনগণকে বলেছিলাম, আমাদের ফ্রি’তে ভোট দিন, আমরা ফ্রি’তে সার্ভিস দেব। সেই প্রতিশ্রæতি বাস্তবায়নে আমরা জনগণের পক্ষে কথা বলে যাচ্ছি।
তিনি বলেন, ভোটের আগের রাতে ৫০০ বা ১ হাজার টাকা নিলে তার মূল্য ৫ বছর ধরে পরিশোধ করতে হয়। আর বিনা টাকায় ভোট দিলে ৫ বছর বিনামূল্যে জনগণের সেবা পাওয়া সম্ভব।
সোমবার বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে এনসিপির কেন্দ্রীয় ঘোষিত পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার এনসিপি নির্বাচনে অংশ নিয়ে দলের ৬জন প্রার্থী এমপি নির্বাচিত হয়েছে। আগামীতে ছাত্র-জনতার তথা আপামর সাধারণ জনগণের রায় নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে জাতীয় সংসদের এনসিপির ৬জন এমপি থেকে ১৬০জন এমপি নির্বাচিত হবে।
তিনি বলেন, গত পাঁচ মাসে এনসিপির ৬জন এমপি সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পায়নি। মিডিয়া মাফিয়া, ভ‚মিখেকো, ব্যাংক ডাকাত ও ভোটচোরদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলে যাচ্ছি আমরা এনসিপির এমপিরা। আগে এস আলম ব্যাংক ও দেশের সম্পদ লুট করেছে, বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে। জনগণের সম্পদ লুটের এই সংস্কৃতি বন্ধ করতে হবে। জনগণের সম্পদ রক্ষায় এনসিপি কোনো ধরণের আপস করবে না।
তিনি আরও বলেন, এনসিপির ৬জন এমপির প্রশ্নের উত্তর দিতে সংসদে অনেক বাঘা বাঘা নেতার ৪৫ মিনিট সময় লাগে। এনসিপি নেতা বলেন, বিগত তিনটি নির্বাচন আমাদের সবার কাছ থেকে ভোটের অধিকার কেঁড়ে নেওয়া হয়েছিল। যখন একজন মা বুঝেছিলেন তার সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত, তখনই মানুষ রাজপথে নেমে এসেছিল। সবাই যখন রাজপথে নেমেছিল, তখনই পরিবর্তন সম্ভব হয়েছিল। পরিবর্তনের দায়িত্ব নিজের কাঁধে না নিলে পরিবর্তন আসে না। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে রাজপথে নেমেছিলেন বলেই পরিবর্তন সম্ভব হয়েছিল। একটা ৫ আগষ্ট হয়েছিল। তাই আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই। আমরা প্রত্যাশা করি, আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন। আমরা জনগণের হয়ে কাজ করতে চাই, এজন্য আপনাদের সাহায্য ও সমর্থন প্রয়োজন।
এনসিপির পিরোজপুর জেলা আহবায়ক হুমায়ুন কবীরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহŸায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান, পিরোজপুর-৩ আসনের এনসিপির এমপি প্রার্থী শামীম হামিদী, পিরোজপুর পৌরসভায় এনসিপির মনোনীত মেয়র প্রার্থী মাঈনুল আহসান মুন্না, পিরোজপুর জেলা নারী শক্তির আহবায়ক ফাতেমা আক্তার প্রমুখ।
এর আগে বিকেল ৫টায় শহরের সিও অফিস মোড় থেকে এনসিপি নেতৃবৃন্দ পথযাত্রা শুরু করে সমাবেশস্থলে উপস্থিত হন।
