প্রধান সূচি

পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটে টেলিভিশন উপহার দিলেন জেলা পরিষদ প্রশাসক

বিশ্বকাপ ফুটবলের বহুল কাক্সিক্ষত ফাইনাল ম্যাচটি বড় পর্দায় উপভোগের সুবিধার্থে পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের একটি এলইডি টেলিভিশন উপহার দিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
রবিবার দুপুরে পিরোজপুর জেলা পরিষদের কার্যালয়ে এক আনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী হস্তান্তর করা হয়।
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে গত কয়েকদিন ধরেই ব্যাপক উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশ বিরাজ করছিল। তবে ইনস্টিটিউট ক্যাম্পাসের ডরমিটরি কিংবা অডিটোরিয়ামে খেলা দেখার মতো বড় পর্দার কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের এই আনন্দ উপভোগে কিছুটা অপূর্ণতা দেখা দেয়। হবু সেবিকাদের এই আগ্রহের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে এক মানবিক ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করে পিরোজপুর জেলা পরিষদ। রবিবার দুপুরে জেলা পরিষদের অফিস কক্ষে আমন্ত্রিত নার্সিং ইনস্টিটিউটের কর্মকর্তা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এই আধুনিক এলইডি টেলিভিশনটি আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়। যাতে রবিবার রাতে শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে সকলে মিলে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারে।
টেলিভিশন হস্তান্তরকালে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমাদের সন্তানতুল্য নার্সিং শিক্ষার্থীরা দিন-রাত রোগীদের সেবা ও পড়াশোনার কঠিন দায়িত্ব পালন করে থাকেন। তাদের মানসিক ক্লান্তি দূর করা এবং সুস্থ বিনোদনের সুযোগ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ঐতিহাসিক বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাটি যেন তারা আনন্দ ও প্রফুল্ল চিত্তে একসঙ্গে উপভোগ করতে পারে- সেই উদ্দেশ্যেই জেলা পরিষদের পক্ষ থেকে এই উপহার তুলে দেওয়া হলো। আমরা আশা করি, এই প্রফুল্ল চিত্তে তারা আগামী দিনে সাধারণ মানুষের সেবায় নিজেদের আরও উৎসর্গ করতে পারবেন।
অনুষ্ঠানে পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের পক্ষে উপস্থিত থেকে উপহারটি গ্রহণ করেন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ বেবী রায়, নার্সিং ইন্সট্রাক্টর সাজেদা খাতুন এবং প্রতিষ্ঠানের হিসাবরক্ষক মো. কামাল হোসেন।
এদিকে ফাইনাল খেলা দেখার ঠিক আগ মুহূর্তে জেলা পরিষদের পক্ষ থেকে এই টেলিভিশন উপহার পেয়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে।
শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের ডরমিটরিতে সবাই মিলে একসঙ্গে খেলা দেখার যে রোমাঞ্চ ও আনন্দ, তা জেলা পরিষদ প্রশাসকের এই অনন্য উপহারের কারণে আজ রাতেই সত্যি হতে যাচ্ছে। এই চমৎকার ও আন্তরিক উদ্যোগের জন্য তারা জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial