নাজিরপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ও প্রণোদনাসহ সঞ্চয়ের অর্থ প্রদান
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এবং দুইজন কিশোরীকে প্রণোদনাসহ জমাকৃত সঞ্চয়ের অর্থ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার শ্রীরামকাঠি ইউজেকে মাধ্যমিক বিদ্যালয় পল্লী উন্নয়ন কিশোরী সংঘে এ প্রশিক্ষণ কর্মশালা ও সঞ্চয়ের অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্রীরামকাঠি ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাসুম মিয়া।
প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালা শেষে শ্রীরামকাঠি ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ের দুইজন কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ হওয়ায় তাদের জমাকৃত সঞ্চয় এর সাথে ২০০% প্রণোদনাসহ সঞ্চয়কৃত সমুদয় টাকা ফেরত প্রদান করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থী কিশোরী শুভমিতা সমাদ্দার এবং চন্দ্রিমা মন্ডল এর প্রত্যেকের জমাকৃত সঞ্চয় ৬ হাজার ৮০০ টাকা এবং ২০০% প্রণোদনার ১৩ হাজার ৬০০ টাকাসহ তাদের দুইজনকে মোট ২০ হাজার ৪০০ টাকা করে প্রদান করা হয়।
পরে কর্মশালায় অংশগ্রহণকারী কিশোরীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উল্লেখ্য, দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থানের সহায়তা প্রকল্পের আওতায় নির্বাচিত বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১০০ জন ছাত্রীদের নিয়ে কিশোরী সংঘ গঠন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা, নেতৃত্ব বিকাশ, বাল্য বিবাহ প্রতিরোধসহ বয়ো:সন্ধিকাল সম্পর্কে সচেতন করা হচ্ছে।
