নাজিরপুরে ছাত্রদলের সদস্য সংগ্রহ কর্মসূচি
পিরোজপুরের নাজিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহ করা শুরু হয়েছে।
রবিবার সকাল ১১টায় নাজিরপুরের সরকারি বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয় কলেজ প্রাঙ্গণে এ সদস্য ফরম বিতরণ কর্মসূচি করা হয়। এসময় কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের সদস্য হতে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। আগ্রহের সঙ্গে সদস্য ফরম সংগ্রহ করেছে তারা।
সদস্য ফরম সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজীর রশিদ বাপ্পি, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেহান রাজু, নাজিরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এইস এম শামিম হাসান প্রমুখ।
নাজিরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এইস এম শামিম হাসান জানান, কেন্দ্র ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সদস্য সংগ্রহ কর্মসূচি চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ প্রত্যেকটি বিভাগে টিম করে দিয়েছেন, তারা প্রত্যেকটি জেলা পর্যায়ে গিয়ে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সমন্বয়ে তারা সদস্য ফরম বিতরণ করছে। এর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি স্বচ্ছ ও মেধাবীদের নিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি উপহার দেওয়া। তারই ধারাবাহিকতায় নাজিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সংগ্রহ কর্মসূচি হয়েছে।
