ভান্ডারিয়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
পিরোজপুরের ভান্ডারিয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে মো. মহিউদ্দিন মহারাজ এমপি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যাকান্ডের সময় সৌভাগ্যক্রমে বিদেশ থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা প্রাণে বেঁচে যান। ১৯৮১ সালের ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেন। তার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে অনন্য মাইল ফলক। স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ প্রতিষ্ঠার পথ সুগম হয়। তিনি নিজের জীবনকে বার বার ঝুঁকিতে ফেলে এদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। দেশকে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কাজ করছেন।
ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু জোমাদ্দারের সভপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত আলী তালুকদার প্রমুখ।
আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
