পিরোজপুর-২ আসনে উন্নয়নের বৈষম্য আর থাকবে না : মহিউদ্দিন মহারাজ
পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, আজ থেকে আমার মার্কা নৌকা। বিগত দিনে যে উন্নয়নের বৈষম্য করা হয়েছে তার এখন আর থাকবে না। উন্নয়নে পিছিয়ে থাকা কাউখালী উপজেলার উন্নয়ন করে পুষিয়ে দেওয়া হবে।
সোমবার রাতে কাউখালী উপজেলা পরিষদের মুজিব শতবর্ষ মঞ্চে উপজেলার জনসাধারণের পক্ষ থেকে ফুললে শুভেচ্ছা জানানোর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, সংসদে গিয়ে আমি যে প্রথম প্রস্তাবটা রাখবো তা’হলো ইমামদের সম্মানি দেওয়া প্রস্তাব এবং প্রথম এমপি হিসেবে যে ডিউ লেটার দেবো সেটি হবে কাউখালী পৌরসভা করার ডিউ লেটার।
মহিউদ্দিন মহারাজ বলেন, এই আসনে দীর্ঘদিন যিনি সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ, তিনিও এলাকায় উন্নয়ন কার্যক্রম করেছেন। তিনি আমার মুরব্বি, আমি তার সহযোগিতা নিয়ে উন্নয়নমূলক কাজ করতে চাই।
শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত মহিউদ্দিন মহারাজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এবং পিরোজপুর- আসনের জনসাধারণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি মাহমুদ খান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ মিল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মামুন হোসাইন বাবলু জমাদ্দার, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমরাজুড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান গাজী ছিদ্দিকুর রহমান, চিরাপাড়া ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদসহ সাবেক ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
