কাউখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ
পিরোজপুরের কাউখালী উপজেলায় তিন হাজার ৭৫৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ ও সার প্রদান করা হয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. স্বজল মোল্লা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রম উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু সাঈদ মিঞা মনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, এই বীজ এবং সারের সুষ্ঠ ব্যবহার করতে হবে। এক ইঞ্চি জমি ও যেন অনাবাদি না থাকে।
উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস জানান, ১ হাজার ৭৫৫জন কৃষককে রবি ফসল এবং ২ হাজার কৃষকের হাইব্রীড ধানের বীজ বিতরণ করা হয়েছে। একইসাথে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, প্রণোদনার আওতায় একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় গম বীজ, ভুট্রার বীজ , সরিষা বা সূর্যমূখীর বীজ, চিনাবাদামের বীজ, সয়াবিনের বীজ, শীতকালীন পেয়াজের বীজ, মুগ বা মুসুরের বীজ ও খেসারীর বীজ পাবেন। বীজের সঙ্গে সারও পাবেন বিনামূল্যে।
