কাউখালীতে তালগাছের চারা রোপণ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়, বিশেষত বজ্রপাত থেকে রক্ষা পেতে পিরোজপুরের কাউখালীতে ৪ হাজার তালগাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি তালগাছের উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করতে নেয়া হয়েছে নানা উদ্যোগ।
গতকাল সোমবার কাউখালী সদর ইউনিয়নের গোসনতারা আল-মদিনা জামে মসজিদ ও ইসলামিক দাওয়া সেন্টারের উদ্যোগে মসজিদ চত্বরে একটি তাল গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর। মসজিদের মুতাওয়াল্লি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, ইউপি সদস্য মো. আজম খান এবং যশোরের অভয়নগরের তালগাছ চাষী চিত্তরঞ্জন দাস প্রমুখ।
পরিবেশ রক্ষা এবং বজ্রপাতের চাপ কমাতে প্রবাসী আব্দুল মানিক এর সহযোগিতায় এবং আল-মদিনা জামে মসজিদ ও ইসলামিক দাওয়া সেন্টার খোলা জায়াগা, গাছ-পালাবিহীন নতুন সড়কের পাশে তালের বীজ রোপনের উদ্যোগ নিয়েছে। বিভিন্ন সড়কের ৪ হাজার তালের বীজ রোপন করা হবে।
আব্দুল মানিক জানান, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস থেকে যদি ১০টি গাছও বড় হয় তাহলে কৃষক ও পথচারীরা যেমন বিশ্রাম নিতে পারবে ঠিক তেমনি বজ্রপাত থেকেও রেহাই পাবে। তিনি জানান, বাংলাদেশে তাল গাছ রোপন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন অভয়নগরের তালগাছ চাষী চিত্তরঞ্জন দাস। তার কাছ থেকে ৪ হাজার চারা সংগ্রহ করে আমার এই কমসূচি শুরু করেছি।
