নিখোঁজের ১০দিন মিলল যুবকের গলিত লাশ
পিরোজপুরের কাউখালীতে নিখোঁজের ১০দিন পর সৌরভ মিস্ত্রী (২৭) নামের এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে কাউখালী সদর ইউনিয়নের লাঙ্গুলি গ্রামের একটি ধান ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করেছে কাউখালী থানার পুলিশ। নিহত সৌরভ মিস্ত্রি কাউখালীর লাঙ্গুলি গ্রামের শংকর মিস্ত্রির ছেলে।
সৌরভের পিতা শংকর মিস্ত্রি বলেন, গত ১৬ সেপ্টেম্বর সকালে তার ছেলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর বাড়ি ফিরে না আসলে তাকে বিভিন্ন স্থানে খোজাঁখুজি করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজের বিষয়টি প্রচার করি। গত ১৯ সেপ্টেম্বর কাউখালী থানায় গিয়ে ওসি সাহেবকে অবগত করা হয়। কিন্ত গত ৯দিনেও তার কোন সন্ধান পাইনি। সোমবার সকালে আমাদের বাড়ির পাশের একটি ধান ক্ষেতে একটি ছেলে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে তার লাশ দেখে চিৎকার দিয়ে বাড়ি এসে সবাইকে জানালে এলাকাবাসী, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের জানান। পরে পুলিশ এসে দুপুরে লাশ উদ্বার করে নিয়ে আসলে আমি ও আমার বড় ছেলে লুঙ্গি ও হাতের ব্যাসলেট দেখে ছেলে সৌরভের লাশ সনাক্ত করি।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, সোমবার সকালে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। গলিত লাশ উদ্ধার করে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।
