কাউখালীতে নতুন ঘর পাচ্ছেন ১২৫ গৃহহীন পরিবার
মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনমুক্ত হতে যাচ্ছে পিরোজপুরের কাউখালী উপজেলা। ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) কাউখালীতে আরও ১২৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে এই ঘরগুলো হস্তান্তর করা হবে। আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর কাছে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী উদ্বোধনের পর উপজেলার ১২৫টি সুবিধাভোগী পরিবারদের মধ্যে এ ঘরগুলোর জমির দলিল ও চাবি হস্তান্তর করা হবে। এর আগে গত ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিরোজপুরের কাউখালী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করেন।
আজ মঙ্গলবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনসহ জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা।
প্রেস ব্রিফিং এ জানানো হয়, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কাউখালী উপজেলায় এর আগে ৪৮০টি গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হয়েছে। ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) আরো ১২৫ পরিবারকে ঘর দেওয়া হবে।
