প্রধান সূচি

কাউখালীতে সুপারি পারা নিয়ে বিরোধ : একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

পিরোজপুরের কাউখালীতে সুপারি পারা নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মনিরুজ্জামান মনির (৫৫) উপজেলার শিয়ালকাঠি গ্রামের চৌরাস্তা এলাকার বাসিন্দা। শনিবার রাত ১১টার দিকে বসতঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, মনিরুজ্জামান মনির উপজেলার শিয়ালকাঠি গ্রামের বাড়িতে একা থাকতেন। তার স্ত্রী ও ছেলে যশোরে থাকেন। মনিরুজ্জামানের সঙ্গে চাচাতো ভাই রুহুল আমিনের বসতবাড়ির সুপারি বাগান ও জমি সংক্রান্ত নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার দুপুর ১২টার দিকে মনিরুজ্জামান বাগানে সুপারি পারতে গেলে রুহুল আমিন ও তার ছেলে ইউনুচ তাকে মারধর করেন।
রাত ৮টার দিকে মনিরুজ্জামানের বোন লাকি বেগমের কাছে রুহুল আমিনের স্ত্রী ফোন করে বলেন, দুপুরে বাড়িতে মারামারি হয়েছে। ঘরের মধ্যে মনিরুজ্জামানের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। এরপর রাত ৯টার দিকে মনিরুজ্জামানের দুলাভাই মো. জাহাঙ্গীর ওই বাড়িতে গিয়ে দেখেন, তার লাশ মৃত অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ঘর থেকে মনিরুজ্জামানের লাশ উদ্ধার করে। এ ঘটনার পরপর রুহুল আমিন ও তার ছেলে ইউনুচ আত্মগোপনে চলে যান।
মনিরুজ্জামানের বোনের ছেলে হাফিজুর রহমান বলেন, ‘আমার মামা মনিরুজ্জামান ৪ বছর ধরে বাড়িতে একা থাকতেন। শনিবার দুপুরে সুপারি পারা নিয়ে মামাকে রুহুল আমিন ও তার ছেলে ইউনুচ মারধর করেন। রাতে আমরা তার মৃত্যুর খবর পাই।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, শনিবার রাতে লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুহুল আমিনের স্ত্রী ও মেয়েকে থানায় আনা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial