কাউখালীতে ৬ জুয়ারির কারাদন্ড
পিরোজপুরের কাউখালী উপজেলার পশ্চিম কাঠালিয়া গ্রামে ৬ জুয়ারিকে ৭ দিন করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে এ দন্ড প্রদান করা হয়।
জানা গেছে, শনিবার রাতে কাউখালী সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম কাঠালিয়া এলাকার একটি দোকানের পিছন থেকে ৬ জুয়ারিকে আটক করে কাউখালী থানার পুলিশের একটি দল। তাদেরকে রাতেই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখার আদালতে হাজির করলে বিচারক প্রত্যেককে ৭ দিন করে কারাদন্ডের আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পশ্চিম কাঠালিয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে সোহেল হাওলাদার (২৮),পশ্চিম গোসনতারা গ্রামের হারুন হাওলাদারের ছেলে খাইরুল হক (২৬), পশ্চিম কাঠালিয়া গ্রামের তোফাজ্জেল খানের ছেলে শামীম খান (৩৫), মৃত মনসুর মোল্লার ছেলে রাকিব হোসেন (২৮), সাইদ হাওলাদারের ছেলে নাসির উদ্দিন (৩০), আবুল কালাম খানের ছেলে সুমন হোসেন খান (২৩)।
কাউখালী থানার ওসি মো. বনি আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
