কাউখালীতে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
পিরোজপুরের কাউখালীতে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাভিল তালুকদার (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে কাউখালী-ঝালকাঠী সংক্ষিপ্ত সড়কের গুয়াটন মাসুদ মেম্বারের বাড়ির সামনে একটি গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাভিল উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মতিউর রহমান হালিম তালুকদারের ছেলে এবং সরকারি বালক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। গ্রামের বাড়ি উপজেলার চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের ডুমজুড়ি।
প্রত্যেক্ষদর্শীরা জানায়, মোটর সাইকেল যোগে তিনজন আরোহী উপজেলার কাউখালী-ঝালকাঠী সংক্ষিপ্ত সড়ক দিয়ে গুয়াটন আসছিল। পথেমধ্যে দুই বন্ধুকে নামিয়ে একা মোটর সাইকেল চালিয়ে যাবার পথে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ঝালকাঠীর গুয়াটন মাসুদ মেম্বারের বাড়ির সামনে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাথা ফেটে নাভিল এর মৃত্যু হয়।
স্থানীয়রা নাভিলকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফা সিদ্দিক তাকে মৃত ঘোষণা করেন।
শেখেরহাট পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই বেলায়েত হোসেন জানান, মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাভিলের মৃত্যু হয়েছে।
