ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক
পিরোজপুরের কাউখালীতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করায় মো. জুয়েল রানা (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে কাউখালীর বেকুটিয়া ফেরীঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন সময় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত যুবক পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে।
কাউখালী থানার ওসি মো. বনি আমিন জানায়, জুয়েল কাউখালী উপজেলার বেকুটিয়া ফেরিঘাট এলাকায় গাড়ির সিরিয়াল ব্রেক করে গাড়ি প্রতি ৮০০ থেকে ২৫০০ টাকা চাঁদা নিয়ে গাড়ি ফেরীতে ওঠার সুযোগ করে দেন। বিষয়টি স্থানীয় ট্রাফিক পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলামের দৃষ্টিগোচর হলে তাকে চ্যালেঞ্জ করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় সে নিজেকে প্রথমে ডিবি পুলিশ পরিচয় দেয় এবং পরে সাংবাদিক পরিচয় দিয়ে একটি সাংবাদিক কার্ড দেখান। এ বিষয়ে ট্রাফিক পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলাম বাদী হয়ে কাউখালী থানায় গ্রেফতারকৃত জুয়েল রানাকে আসামী করে একটি প্রতারণা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, পিরোজপুরে একটি চক্র দীর্ঘদিন ধরে কখনও সাংবাদিক, কখনও ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছে। বিষয়টি স্থানীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ ও পেশাদার সাংবাদিকরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমানকে অবহিত করেছেন।
