কাউখালী স্টীমার ও লঞ্চঘাটে ঢাকামূখী মানুষের ভীড়
স্বজনদের সাথে ঈদ শেষে কর্মস্থলে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। ঈদের পঞ্চম দিনে শনিবার পিরোজপুরের কাউখালীসহ উপকূলীয় এলাকায় অসংখ্য যাত্রী ঢাকা ও চট্টগ্রাম ফিরেছে। এ কারণে স্টীমার ও লঞ্চ যাত্রীর চাপ ছিল কাউখালী-চাঁদপুর-ঢাকা রুটের নৌপথে।
নৌপথে ঢাকামূখী মানুষের চাপ দুপুর থেকে বিকেলে পর্যন্ত। বাগেরহাটের মোড়লগঞ্জ, পিরোজপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর নদীপথের অন্যতম মাধ্যম কাউখালী, তুষখালী, ভান্ডারিয়া ও হুলারহাটের লঞ্চ ও স্টীমার ঘাটে মানুষের ভীড় দেখা যায়।
শনিবার দেখা গেছে এম.ভি মনিং সান-৯, ঈগল-৮, যুবরাজ-৭, রেডসান লঞ্চ কাউখালী ঘাট থেকে অতিরিক্ত যাত্রী ও কয়েকগুণ বেশি ভাড়া নিয়ে ঢাকার উদ্দেশে ঘাট ত্যাগ করেছে ।
অপরদিকে সরকারি (বিআইডব্লিউটিসি) স্টিমার এমভি মধুমতি মোড়লগঞ্জ, মাছুয়া, হুলারহাট থেকে যাত্রী নিয়ে কাউখালীতে ঘাট দিলেও স্টিমারে ছিল যাত্রীদের প্রচন্ড ভীড়।
কাউখালী রাজাপুর,স্বরূপকাঠী, ঝালকাঠী একাংশের হাজারো মানুষ কাউখালী লঞ্চ ঘাট থেকে যাতায়াত করে থাকে। এ কারণে ভিড় একটু বেশি বলে সংশ্লিষ্টরা জানান।
