নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ॥ রক্তের গ্রুপ পরীক্ষায় ভুল রিপোর্ট
পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোসা. সাফিয়া বেগম নামের এক গাইনি রোগীর রক্তের গ্রুপ পরীক্ষায় ভুল রিপোর্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, নাজিরপুরের ৩টি প্রাইভেট ডায়াগনেস্টিক সেন্টারে রক্তের গ্রুপ পরীক্ষায় রিপোর্টে ‘এ পজিটিভ’ আসে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিক্ষায় রিপোর্টে ‘ও পজিটিভ’ হয়। বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এ নিয়ে বিপাকে পড়েছে রোগীর পরিবার। ভুক্তভোগী সাফিয়া বেগম উপজেলার ১নং মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের আবু সাঈদ শেখের স্ত্রী।
মোসা. সাফিয়া বেগম বলেন, গত ৩১ মার্চ আমি গাইনী চিকিৎসার জন্য নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কর্তব্যরত চিকিৎসক ঈসিতা সাধক নিপু আমাকে দেখে হিমোগ্লোবিন (এইচ বি), ই এস আর, রক্তের গ্রুপ পরিক্ষাসহ আরও কিছু টেস্ট দেন এবং তিনি এগুলো হাসপাতালের প্যাথলজি বিভাগ থেকে পরীক্ষা করতে বলেন। আমি উক্ত টেস্টগুলো করানোর জন্য রক্তের নমুনা দেই। কিছু সময় পর প্যাথলজি বিভাগ থেকে আমার সকল টেস্টের রিপোর্ট দেন। রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট দেখে আমার মনে সন্দেহ হলে আমি বাইরের ৩টি প্রাইভেট ডায়াগনেস্টিক সেন্টার থেকে পুনরায় ব্লাড টেস্ট করাই এবং তাতে আমার রক্তের গ্রুপ ‘এ পজিটিভ’ হয়।
নাজিরপুর হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট মেরি বেপারী সত্যতা স্বীকার করে বলেন হাসপাতালে রক্তের পরীক্ষার তার (সাফিয়া বেগম) ‘ও পজিটিভ’ এসেছে।
এ বিষয়ে ডা. ঈসিতা সাধক নিপু এর সাথে কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মশিউর রহমান জানান, বিষয়টি আমি শুনেছি। শাফিয়া বেগমের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
