ভাণ্ডারিয়ায় ৫শ আসন বিশিষ্ট শেখ কামাল অডিটরিয়ামের উদ্বোধন
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভায় বুধবার উদ্বোধন করা হয়েছে ‘শেখ কামাল অডিটরিয়াম’। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্যপুত্র শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের নামে এ অডিটরিয়ামটির উদ্বোধন করেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে এ প্রতিষ্ঠান নির্মাণের জন্য ২০১৬ সালে ব্যক্তিগত অর্থায়ণে ৬৮ শতাংশ জমি দান করেন আনোয়ার হোসেন মঞ্জু এমপি।
পৌর শহরের ভাণ্ডারিয়া-কাঠলিয়া সড়ক লাগোয় পৌরসভার বাস্তবায়নে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে অডিটরিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। ২০১৭ সালের ভবনটি নির্মানের জন্য দরপত্র আহবান করে ভাণ্ডারিয়া পৌরসভা কর্তৃপক্ষ। ২০১৭ সালের জুলাই মাসে ৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে অডিটরিয়ামটি নির্মিত হয়।

দেড় একর জমির উপর ৫০০ আসন বিশিষ্ট এবং ভিতরে অত্যাধুনিক দৃষ্টিনন্দিত সাজসজ্জা পূর্ণ শেখ কামাল ভবনটির উদ্বোধন অনুষ্ঠানে বুধবার রাতে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি সাবেক সংসদ ও দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ইত্তেফাকের পরিচালক মানিজা হোসেন, বিশেষ অতিথি পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মো. সাঈদুর রহমান, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অডিটরিয়ামে খুলনা থেকে আসা শিল্পীদের কন্ঠে লালন সঙ্গীতসহ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
