ইন্দুরকানীতে ব্যবসায়ীকে কুপিয়ে বস্তাবন্দি করে হত্যার চেষ্টা : গ্রেফতার-১
পিরোজপুরের ইন্দুরকানীতে ব্যবসায়ী ফজলুল হককে কুপিয়ে বস্তাবন্দি করে হত্যার চেষ্টার ৭ দিন পর মামলা হয়েছে। আর এ ঘটনায় বৃহস্পতিবার রাতে উপজেলার ঢেপসাবুনিয়া এলাকা থেকে চান মিয়া মৃধার ছেলে সোহেল মৃধাকে গ্রেফতার করেছে ইন্দুরকানী থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার বিকেলে আহত ব্যবসায়ী ফজলুল হকের বড় ভাই মজিবুর রহমান বাদী হয়ে তার ভাইকে হত্যার চেষ্টার ঘটনায় উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামের সোহেল মৃধা, ছালাম মৃধা, হিরোন মৃধা, হারুন মৃধা ও বালিপাড়া গ্রামের হালিম শেখসহ ৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
জানা গেছে, গত ২৭ জানুয়ারী রাতে উপজেলা ঢেপসাবুনিয়া গ্রামের ব্যবসায়ী ফজলুল হক হাওলাদার (৪৫) দোকান বন্ধ করে বাড়ী ফেরার পথে একই গ্রামের সোহেল মৃধার নেতৃত্বে তৈয়বালী মৃধার ছেলে ছালাম মৃধা, হিরোন মৃধা, হারুন মৃধা ও বালিপাড়া গ্রামের হালিম শেখসহ সাত থেকে আট জন লোক তাকে কুপিয়ে মুখমন্ডল বিকৃত করে ফেলে তার সাথে থাকা নগদ দুই লক্ষ টাকা নিয়ে যায়। পরে ব্যবসায়ীকে বস্তাবন্ধি করে নদীতে ফেলে দেয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন বের হলে সন্ত্রাসীরা আহত ব্যবসায়ীকে রেখে পালিয়ে যায়। এলাকাবাসী আহত ব্যবসায়ী ফজললি হককে দ্রুত ওই রাতেই অচেতন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে অবস্থার অবনতি হলে সাথে সাথে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ৫ দিন চিকিৎসার পর জ্ঞান ফিরে। পরে দাঁতের চোয়াল কেটে ফেলায় এখন সে ঢাকা ডেন্টাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখন কিছুটা জ্ঞান ফিরলেও সে শংকামুক্ত নয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. শামীম আহম্মেদ জানান, ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় মামলা হয়েছে। সোহেল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের অভিযান চলছে।
