নাজিরপুরে নতুন কলেজ স্থাপনের অনুমতি পাওয়ায় আনন্দ র্যালী
পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠীতে নতুন কলেজ স্থাপনের অনুমতি দেওয়ায় স্থানীয়দের উদ্যোগে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে অনুষ্ঠিত আনন্দ র্যালীতে বিভিন্ন পেশার ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নেন। এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি ও পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিমকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
দুপুর ১২টার দিকে শ্রীরামকাঠী মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে আনন্দ র্যালী বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয়ের হলরুমে ওই কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাজিরপুর সরকারী বঙ্গমাতা মহিলা কলেজের অধ্যক্ষ ঠাঁকুর চাঁদ মজুমদার, শ্রীরামাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মন্ডল, শ্রীরামকাঠী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেউরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুনীল রঞ্জন হালদার, বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণকান্ত মজুমদার, শ্রীরামকাঠী বন্দর ব্যবসায়ী কমিটির সভাপতি সঞ্জয় দাস ও সম্পাদক মিজানুর রহমান মিঠু প্রমুখ।
জানা গেছে, গত ৪ জনুয়ারী শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে উপজেলার শ্রীরামকাঠীতে নতুন কলেজ স্থাপনের অনুমোদন দেয় হয়। স্থানীয়রা জানান, উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নটি একটি ঘণবসতি ও অস্বচ্ছল এলাকা। এখানে কোন কলেজ না থাকায় স্থানীয়দের উচ্চশিক্ষা অর্জনে প্রধান বাঁধা ছিল। এ কলেজটি স্থাপন হওয়ায় এখানকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সহজ হবে।
