প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : ধর্ম প্রতিমন্ত্রী
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের সবগুলো সূচক অর্জিত হওয়ার কারণে বাংলাদেশ ইতোমধ্যেই মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
বুধবার পিরোজপুরের কাউখালী উপজেলার কাঠালিয়া পি.জি.এস বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করার অধিকার কারো নেই, যারা এই কাজটি করেছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তীতে কেউ এ ধরণের ঘটনা না ঘটাইতে পারে তার জন্য আমার সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধ পরিকর।
তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতার মূলনীতি যুক্ত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তিস্থাপন করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, তখনই একটি অশুভ শক্তি সম্প্রীতির পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তিনি আরও বলেন, বিদেশিদের কাছে এখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বিগত ১২ বছরে সব ক্ষেত্রে বাংলাদেশের যত অর্জন হয়েছে তার সবগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে এসব অর্জন সম্ভব হয়েছে।
কাঠালিয়া পি.জি.এস বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল এন্ড কলেজের সভাপতি লে. কর্ণেল(অব:) নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুমিন হাসান, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ প্রমুখ।
মন্ত্রী এর আগে কাউখালী শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম, মতুয়া আশ্রম এবং কাউখালী দক্ষিণ বাজার জামে মসজিদ পরিদর্শন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, ঝালকাঠী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ খান পনির, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি সুনীল কুন্ডু, বরিশাল হিন্দু কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি সুরঞ্জিত দত্ত লিটু।
