কাউখালীতে ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে কাউখালী উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন আয়োজিত ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার টুর্নামেন্টের ফাইনালে ট্রাইবাকারে সোনাকুড় একাদশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে শীর্ষা একাদশ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সাবেক সিভিল সার্জন ড. রফিকুল ইসলাম দিপু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে, বাজে আড্ডা থেকে দূরে থাকা যায়, মেধা বিকাশে সহায়তা করে।
ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রসিদ মিল্টন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ১নং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী রফিকুল ইসলাম মিরন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত।
খেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ নেত্রী ও কাউখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি। সভাপতিত্ব করেন ১নং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেন।
