কাউখালীতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-১
পিরোজপুরের কাউখালীর দক্ষিণ শিয়ালকাঠী গ্রাম থেকে ২’শ পিস ইয়াবা ও ৬’শ গ্রাম গাঁজাসহ জাহিদুল ইসলাম (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জাহিদুল ইসলাম বরগুনা কারাগারের বরখাস্তকৃত কারারক্ষী।
পিরোজপুরের গোয়েন্দা পুলিশের এস.আই দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল কাউখালীর দক্ষিণ শিয়ালকাঠী গ্রামে অভিযান চালায়। অভিযানকালে ওই গ্রামে নুরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৪৩) আটক করা হয়। এসময় তার বাড়িতে তল্লাশী করে ২০০ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। আটক জাহিদুলের বিরুদ্ধে ঝালকাঠীসহ বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে।
জানা গেছে, গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম বরগুনা জেলা কারগারে কারারক্ষী হিসেবে কর্মরত থাকাবস্থায় সাময়িক বরখাস্ত হয়েছেন। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা থাকায় জাহিদুলকে বরখাস্ত করা হয়।
