কাউখালীতে ৩ লাখ চিংড়ির রেণু পোনাসহ আটক ৭ ॥ জরিমানা আদায়
বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে কাউখালীর সন্ধ্যা নদী থেকে ৩ লাখ গলদা চিংড়ির রেণু পোনাসহ আটক ৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সকালে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মোছা. খালেদা খাতুন রেখা ভ্রাম্যমান আদালতে তাদের এ জরিমানা করেন।
কোষ্টগার্ড পশ্চিম জোন সূত্রে জানা যায়, স্পীডবোট যোগে মেহেন্দীগঞ্জের পাতারহাট থেকে বাগেরহাটে গলদা চিংড়ির রেণু পোনা নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ৩ লাখ গলদা চিংড়ির রেণু পোনাসহ ৭ জনকে আটক করে বাংলাদেশ কোস্টগার্ড এর পশ্চিম জোনের টহল দল।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেন।
জব্দ রেণু পোনা সন্ধ্যা নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার উপস্থিতিতে অবমুক্ত করা হয়েছে বলেও জানান উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল।
