ভান্ডারিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
পিরোজপুরের ভান্ডারিয়ার বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ২০১১ সালের সাবেক শিক্ষার্থী মুবিনসহ সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহতের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শনিবার ভান্ডারিয়ায় মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।
ভান্ডারিয়ার সচেতন নাগরিকের ব্যানারে বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ২০১১ সালের ব্যাচের সাবেক শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের মানুষের উপস্থিতিতে ‘শুধুই কি নিয়তি নাকি অবহেলা ?’ সড়ক ও বন বিভাগ এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের অবহেলার অভিযোগ এনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্থানীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে এবং ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে পৃথকভাবে দুই ঘন্টাব্যাপী মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ নেতা মো. কাইয়ুম জোমাদ্দার, মো. রুবেল খান, মো. মাহুল, মো. পল্লব মীর, মো. রফিক মীর ও টুকু। বক্তারা এ ধরণের অনাকাঙ্খিত মৃতুর লাইন যাতে দীর্ঘ না হয় সে জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।
