শরণখোলায় র্যাবের হাতে পিস্তলসহ আটক-১
বাগেরহাটের শরণখোলায় র্যাবের বিশেষ অভিযানে মো. ফারুক হোসেন সেপাই (৫১) নামের এক কৃষককে আটক করেছে র্যাব। শুক্রবার বিকেলে উপজেলার আমড়াগাছিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে র্যাব-৬ এর একটি দল। র্যাবের হাতে আটক হওয়া ওই ব্যক্তি উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা মৃত. এনামুল হক সেপাইর ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা র্যাব-৬ এর একটি দল ফারুক সেপাই’র বাড়িতে অভিযান চালায়। এসময় তার বসতঘরে তল্লাশী চালিয়ে একটি নাইন এমএম বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি, একটি মোবাইল ফোনসহ নগদ ১ হাজার ১৪০ টাকা উদ্ধার করে র্যাব। পরে তাকে আটক করে শরণখোলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে কৃষক ফারুক সেপাইয়ের মেয়ে তাহেরা আক্তার বলেন, আমাদের সাথে প্রতিবেশীদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ থাকায় প্রতিপক্ষরা সুপরিকল্পিতভাবে আমার বাবাকে ফাঁসিয়ে দিয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, এ ঘটনায় ডিএডি বাজিউজ্জামান বাদী হয়ে ফারুক সেপাইয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
