কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় কাউখালীর স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ কাউখালী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, কাউখালীর চিরাপাড়া ব্রীজ সংলগ্ন সার ও কীটনাশকের দোকান ‘অভি এন্ড অমি ব্রাদার্স’ সারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি বিক্রি করায় এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় ২০ হাজার টাকা এবং বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রায় মার্কারি ও হাইড্রোকুইনোন নামের দুটি ক্ষতিকর উপাদান থাকায় রং ফর্সাকারী ক্রিম বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় দক্ষিন বাজার রোডের বাপ্পী ডিপার্টমেন্টাল ষ্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
