কাউখালীতে মাস্ক ব্যবহার না করায় ৪১ জনকে জরিমানা
মাস্ক ব্যবহার না করার দায়ে পিরোজপুরের কাউখালী উপজেলার সদরে সাপ্তাহিক বাজারে অভিযান চালিয়ে ৪১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার সকালে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়।কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘরের বাইরে বের হতে হলে মুখে মাস্ক ব্যবহার করতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে সরকারিভাবে এমন নির্দেশনা দেওয়া থাকলেও সচেতনতার অভাবে অনেকেই তা মানছেন না। তাই জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪১ জনকে ১০০ টাকা করে মোট ৪ হাজার ১শ’ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা বলেন, করোনার সংক্রমণ রোধে এই অভিযান চালানো হয়েছে। অভিযান চলার সময় বাজারে আসা বিভিন্ন শ্রেণি পেশার লোকজনকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। সরকার ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
