কাউখালী-সোনাকুর ফেরি সার্ভিস উদ্বোধন কাল
কাউখালী উপজেলা সদরের সাথে চারদিক নদী বেষ্টিত দুটি ইউনিয়নের জনসাধারণের চলাচলের সুবিধার্থে সোনাকুর-কাউখালী খেয়াঘাটে সড়ক ও জনপথ বিভাগের ফেরি সার্ভিসটি আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার বিকেলে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এ ফেরী সার্ভিসের উদ্বোধন করবেন।
এরই মধ্যে কাউখালী ষ্টিমার ঘাট সংলগ্ন ও আমরাজুড়ির সোনাকুরে ফেরিঘাটে দুটি নতুন পন্টুন স্থাপন করা হয়েছে। আনা হয়েছে নতুন ফেরি। ফেরিঘাটে যানবাহন ওঠানামায় নির্মাণ করা হয় অ্যাপ্রোচ রোড।
দীর্ঘদিনের দাবীর পর অবশেষে পুনরায় কাউখালী থেকে সন্ধ্যা নদীর অপর প্রান্তের সয়না রঘুনাথপুর, আমরাজুড়ি ইউনিয়নের জনসাধারণসহ জেলা সদরের কলাখালী, শ্রীরামকাঠী বন্দর এবং পাশর্^বর্তী স্বরূপকাঠীর উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি সাধিত হবে।
ফেরি সার্ভিস পুনঃরায় চালু হওয়া প্রতিদিন যাতায়াতকারী সহস্রাধিক মানুষ উপকৃত হবে। কাউখালীর সঙ্গে পাশ^বর্তী উপজেলার ব্যবসায়িক যোগাযোগ আরও সহজ হবে।
কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু জানান, ফেরি সার্ভিস উদ্বোধন করার লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। উদ্বোধনের পর আগামী শনিবার থেকেই স্বাভাবিকভাবে সব ধরণের যানবাহন চলাচল শুরু হবে ফেরি সার্ভিসের মাধ্যমে।
দীর্ঘ দিনের দাবী পূরণ হওয়ায় পুরো এলাকায় রয়েছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয়রা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ফেরি সার্ভিস চালুর।
উল্লেখ্য, ১৯৯৬ সালে তৎকালীণ যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু কাউখালীর চারদিক নদী বেষ্টিত দুটি ইউনিয়নের জনসাধারনের চলাচলের সুবিধার্থে সোনাকুর-কাউখালী খেয়াঘাটে ফেরি সার্ভিস চালু করেছিল। পরবর্তী সরকার ক্ষমতায় এসে ফেরি সার্ভিসটি বন্ধ করে দেয়।
সম্প্রতি পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এক জনসভায় কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়নবাসীর দাবীর প্রেক্ষিতে সোনাকুর ফেরি ঘাটটি পুন:রায় চালু চালুর ঘোষণা দেন।
