কাউখালীতে কুকুরকে খাবার দিলেন ইউএনও
করোনা পরিস্থিতির কারণে পিরোজপুরের কাউখালী শহরের হোটেল ও খাবারের দোকানগুলো বন্ধ। ফলে মানুষের উচ্ছিষ্ট খাবার বা খাবারের বর্জ্য থেকে বঞ্চিত হচ্ছে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কুকুরগুলো। পথের দু’ধারে কোনো ভবন থেকে কেউ ঘরের বাড়তি খাবারও রাস্তায় ফেলে না। করোনা সংকটের এই সময়ে শহরের কুকুরদের অবস্থা সবচেয়ে করুণ। রাস্তাঘাটে কুকুরের করুণ চাহনি যেনো বলে দেয় প্রায়দিনই অভুক্ত থাকছে তারা।
শহর ও আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব অভূক্ত কুকুরদের রাতের আধাঁরে গাড়ি নিয়ে খুঁজে খুঁজে বের করে ঘরে তৈরি খাবার দিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা।
রবিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত কাউখালী শহরের বিভিন্ন সড়ক এবং অলিগলি ঘুরে কুকুরদের খাবার দেন তিনি। অবুঝ প্রাণিদের দুঃসময়ে এভাবে খাবার দেয়ার ঘটনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণিকুলের প্রতি এমন ভালবাসাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
জানা গেছে, উপজেলা রোড, বাসষ্ট্যান্ড, উত্তর বাজার, মধ্য বাজার, দক্ষিন বাজার, কলেজ রোড এবং টেম্পু ষ্ট্যান্ড এলাকার কুকুরদের খাবার দেন ইউএনও।
খাবার নিয়ে গাড়ি থেকে নামার পরই কুকুরের দলকে গাড়ি ঘিরে ধরতে দেখা গেছে। খাবার দেওয়ার পর এরা নিমিষেই সেসব খাবার শেষ করে ফেলে।
ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা প্রায় এক মাস ধরে রাতের আধাঁরে অভুক্ত কুকুর খুঁজে খুঁজে খাবার দিয়ে চলছেন।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা বলেন, কয়েকটি জায়গায় কুকুরকে খাবার দেয়ার ব্যবস্থা করেছি। কুকুরগুলো এখন আর মানুষের উপর আক্রমণ করছে না।
