নাজিরপুরে র্যাবের হাতে ৩ ভুয়া ডাক্তার আটক
পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাওখালী বাজারে অভিযান চালিয়ে তিন ভুয়া ডাক্তারকে আটক করেছে র্যাব। আটক তিনজনকে ৬ মাসের কারাদন্ড ও অপর একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ এর এএসপি মো. ইফতেখারুজ্জামান।
বৃহস্পতিবার রাতে র্যাব ৮ এর একটি দল পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সিভিল সার্জনের প্রতিনিধি সাথে নিয়ে এ অভিযান চালায় ।
পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ খায়রুল চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে নাজিরপুর উপজেলার গাওখালী বাজার থেকে ডাক্তার পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারনা করে আসছিল চার ভুয়া ডাক্তার। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল সুব্রত মজুমদার, আবু হাসান মোস্তাাকিন বিল্লাহ ও নিয়াজ মাহবুব নামে চারজনকে আটক করে। এরা দির্ঘদিন ধরে মানুষকে ডাক্তার পরিচয়ে জটিল ও কঠিন রোগের চিকিৎসা দিয়ে আসছিল। আটকের পরে তারা কোন প্রকার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
তিনি আরো জানান, পিরোজপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. আরিফ হাসান তাদের সার্টিফিকেট পরীক্ষা করেন এবং তা ভুয়া প্রমানিত হওয়ায় র্যাব সদস্যরা তাদের আটকের পরে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। ভ্রাম্যমান আদালত মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২৯ ধারা অনুযায়ী তাদের তিনজনকে ৬ মাসের করে কারাদন্ড ও একজনকে ১০ হাজার টাকা জরিমানা করে। এছাড়া একটি ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ন ওষুধ বিক্রি ও থেরাপি দেওয়ার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
