অবকাঠামোগত উন্নয়নের সাথে মানুষ এখন কর্মসংস্থান চায় … আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, আমাদের উন্নত হতে হবে, উন্নয়নের পথ অনেক দীর্ঘ। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানুষ এখন কর্মসংস্থান চায়। সরকার অবকাঠামোগত উন্নয়নের ব্যবস্থা করে বটে, কিন্তু কর্মসংস্থানের জন্য কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, কৃষিকাজ ইত্যাদির সুযোগ বেসরকারি ভাবেই সৃষ্টি করতে হয়। যা একটি ধারাবাহিক পথে তৈরী করতে হবে। আর এ জন্য প্রয়োজন মানুষের ঐক্য।
তিনি বুধবার সন্ধ্যায় পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের পাঙ্গাসিয়া-শংকরপুর বাজারে এক মতবিনিময় সভায় সমবেত গ্রামবাসীদের উদ্দেশ্যে আরও বলেন, একতা হচ্ছে আমাদের রাজনীতি, কাজ হচ্ছে আমাদের রাজনীতি। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা কাউখালী-ভান্ডারিয়াসহ এ অঞ্চলে ৩৪ বছর ধরে যে কথা বলে এসেছি তাহলো মানুষের মধ্যে একতা না থাকলে উন্নয়ন কাজ সম্ভবপর হয় না। আমাদের ছেলেরা লেখাপড়া করে শিক্ষিত হয়ে কর্মসংস্থান চাইবে। এটাই হচ্ছে উন্নয়নের নির্দশন। দেশ স্বাধীন হয়েছে, দেশে কাজ হচ্ছে, মানুষের দৃষ্টি ভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে। আমরা দক্ষিণাঞ্চলের মানুষ প্রকৃতির সাথে লড়াই করে ঝড়-ঝঞ্ঝা, নদীভাঙ্গন, জলোচ্ছ্বাস তথা জলবায়ূূ পরিবর্তনের অভিঘাত মোকাবেলা করে জীবন ধারণ করি। এই জোয়ার-ভাটার দেশের রাজনীতিও প্রকৃতির মতো পরিবর্তনশীল। এই পরিবর্তনের সাথে খাপ খাওয়ায়ে চলতে হবে।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, দীর্ঘ ৩৪ বছর আগে যখন প্রথম এ অঞ্চলে এসেছি তখন এখানে আজকের মত রাস্তা-ঘাট, পুল-কালভার্ট ইত্যাদি অবকাঠামোগত সুবিধা ছিলো না। দিনের পর দিন মাইলের পর মাইল হেঁটে ভা-ারিয়া-কাউখালীতে জনগণের কাছে গিয়েছি। আজ বা আগামীতে যারা এ এলাকায় আসা-যাওয়া করছেন বা আসবেন তারা গাড়ীতে চড়েই গাঁও-গ্রামে ঘুরবেন। অথচ এই যোগাযোগ অবকাঠামো তৈরী করতে আমাদের দীর্ঘপথ পাড়ি দিতে হয়েছে। এখন আল্লাহর ইচ্ছায় এলাকাবাসী ভালো আছেন, ভালো থাকবেন। ৩৪ বছর আগে থেকে সংসদে রয়েছি, ১৮ বছর মন্ত্রীত্ব করেছি। যা হয়তো বিশে^ বিরল। এই সৌভাগ্য আল্লাহতালার অসীম রহমতে অর্জন করেছি। মানুষের সাথে মোনাফেকি-বেঈমানী-বিশ^াস ভঙ্গের মত পাপ থেকে আল্লাহ আমাদের মুক্ত রেখেছেন বলে বারবার জনগণ আমাদের সংসদে পাঠান। আগামী দিন গুলোতে যাতে এ ভাবেই চলতে পারি তার জন্য আল্লাহর রহমত কামনা করি। আল্লাহ ধৈর্য্যশীলদের পছন্দ করেন এবং ধৈর্য্যশীলদের সাথে থাকেন এ কথা আমরা বিশ^াস করি।
শিয়ালকাঠি ইউনিয়ন জাতীয় পার্টি-জেপি’র সভাপতি হেমায়েত উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখা, জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক হুমায়ুন কবির তালুকদার রাজু ও স্থানীয় যুব কর্মী ফখরুল ইসলাম সজল। রাতে আনোয়ার হোসেন মঞ্জু এমপি কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সমাবেশে বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত-বিপন্ন মানুষের জন্য যে ত্রাণ সাহায্য এ এলাকায় বরাদ্দ করা হয়েছে তা সঠিকভাবে সততার সাথে বিলিবন্টন করতে হবে। এই উপজেলায় প্রণীত ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী যাতে সবাই ঢেউটিন, কম্বলসহ ত্রাণ সামগ্রী পান তা নিশ্চিত করতে হবে। এখানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার।
এ সময় আনোয়ার হোসেন মঞ্জু কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাম্প্রতিক ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ঢেউটিন ও চেক বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, ইউএনও মোসাঃ খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, চিরাপাড়া-পারসাতুরিয়ার ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, আমড়াজুড়ি ইউপি চেয়ারম্যান মো. শামসুদ্দোহা চাঁদ, সয়না-রঘুনাথপুরের ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ, জেলা পরিষদ সদস্যা শাহজাদী রেবেকা শাহীন চৈতী প্রমুখ। এছাড়া রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেপি’র উপজেলা সভাপতি মাহবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. শাহ আলম নসু ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মাহফুজ পায়েল, আওয়ামী লীগের উপজেলা যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ড প্রমুখ।
রাতে কাউখালী উপজেলার চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের বেকুটিয়া ফেরীঘাটের উত্তরপাশের খালের পাড় হতে বড় বেকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিমুখের রাস্তায় হেরিংবোন (এইচবিবি) করণ (বেকুটিয়া-রাজাপুর আরএসডি সড়কের খালের উত্তর পাশের রাস্তা) কাজের উদ্বোধন করেন। এ সময় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি শংকরপুরে একটি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র উপস্থিতিতে বুধবার কাউখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিকালে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অস্বচ্ছল পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতে কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কাউখালী সদর ও আমরাজুড়ি ইউনিয়নের অস্বচ্ছল পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ভান্ডারিয়া প্রতিনিধি জানান, আনোয়ার হোসেন মঞ্জু এমপি বুধবার ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করেন। এদিন সকালে তিনি ভান্ডারিয়ার শহরের নিজ ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর ভান্ডারিয়া ইউপি অফিস-মালিয়ার জিসি ভায়া ভান্ডারিয়া বাস ষ্ট্যান্ড সড়কের বিভিন্ন অংশের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
এসময় ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজ, ইউএনও নাজমুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, জেপি নেতা ইউসুফ আলী আকন প্রমুখ তার সাথে ছিলেন।
