কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
জেলার কাউখালীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে খলিলুর রহমান (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটে উপজেলার শিয়ালকাঠী গ্রামে। খলিলুর রহমান শিয়ালকাঠী গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে। এ ঘটনায় কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহতের ভাই মোজাম্মেল হোসেন জানায়, রবিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ির গাছের ডাল কাটতে গাছের ওপর উঠেন। ডাল কাটার সময় গাছের নিচে পল্লী বিদ্যুতের একটি হাইভোল্টেজ তার হঠাৎ স্পর্শ করলে তার ভাই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পাঁকা সড়কের ওপর আছড়ে পড়েন। এলাকাবাসী উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খলিলকে মৃত ঘোষণা করেন।
কাউখালী থানার এসআই সুভাষ ব্যানার্জী বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। অসতর্কতার জন্য ঘটনাটি ঘটতে পারে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।
