জমে উঠেছে কাউখালীর শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের রাস উৎসব
পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে হিন্দু ধর্মাবলম্বীদের ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব জমে উঠেছে। পুণ্যার্থীদের আগমনে জমজমাট হয়ে উঠেছে উৎসব। রবিবার সমাপনী দিনে গুরুপূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে।
শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দূর্গাপ্রসন্ন পরমহংসদেব এর ১২৮তম আবির্ভাব তিথি রাসপূর্ণিমায় প্রতিবছর এ উৎসব অনুষ্ঠিত হয়। পাঁচ দিনের এ উৎসবকে ঘিরে দেশ ও বিদেশের লক্ষাধিক পূণ্যার্থীর সমাগম ঘটেছে। ভারত, নেপাল ও শ্রীলংকা থেকেও ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে সমবেত হয়েছে। হাজারো ভক্ত-পুণ্যার্থী ও দর্শনার্থীর উপস্থিতিতে আশ্রম প্রাঙ্গণ পরিণত হয়েছে মিলনমেলায়।
প্রতি বছরই রাস উৎসব উপলক্ষে কাউখালীতে শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রম প্রাঙ্গণে বসে ৫ দিনব্যাপী রাসমেলা।
আশ্রমের সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত জানান, বিশ^ চরাচরের দুঃখ বিমোচন, অধর্মের গ্লানী থেকে রক্ষা ও ধর্ম সংস্থাপণার্থে বিশ্ব শান্তি কামনায় ৫ দিনব্যাপী এ উৎসবে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়। শত বছরের ঐতিহ্যবাহী ও উৎসবকে কেন্দ্র করে এখানে বসে সব ধর্মের মিলন মেলা। হাজার হাজার দর্শনার্থীর আগমনে মেলা হয়ে উঠছে উৎসবমূখর।
হিন্দু ধর্মাবলম্বীরা ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষও উৎসবে দেখতে আসেন বলে জানান আয়োজকরা।
তবে তারা জানালেন, প্রতি বছর দেশ-বিদেশের লাখো মানুষ রাস উৎসবে যোগ দিলেও এবার দক্ষিণাঞ্চলে দুর্যোগের কারণে দর্শনার্থীর উপস্থিতি কিছুটা কম।
রাস উৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানালেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, রাস মেলায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি আছে।
উৎসব উপলক্ষে ইতিমধ্যে আশ্রম প্রাঙ্গনে বিশাল এলাকা জুড়ে বসেছে রাস মেলা। নাগরদোলাসহ রকমারি জিনিসের পসরা সাজিয়েছে দোকানিরা। দূর দূরান্ত থেকে দোকানীরা এসেছে এই মেলায়। শীতের গরম কাপড়, শিশুদের বিনোদনেরও অনেক খেলনা সামগ্রীতে জমে উঠেছে এ আনন্দমেলা।
