ইন্দুরকানীতে চাচীর উপর হামলা ॥ ৬ জনের বিরুদ্ধে মামলা
জেলার ইন্দুরকানী উপজেলায় চাচীর উপর ভাসুরের ছেলেদের হামলার ঘটনার ২ দিন পর ভাসুর, দেবর, জা’ ও ভাসুরের ছেলেসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে হামলায় গুরুতর আহত চাচী শিউলি বেগমের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে ভাসুর মন্টু সরদার, জা’ মঞ্জু বেগম, ভাসুরের ছেলে রুহুল আমিন, রাজিব, হাফিজুল সরদার, দেবর মিজানুর রহমান সরদারের বিরুদ্ধে এ মামলা দায়েরা করেছেন।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, আহত শিউলি বেগমের স্বামী ইন্দুরকানী গ্রামের লোকমান হোসেন বাড়িতে না থাকায় শনিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাসুর, দেবর, জা’ ও ভাসুরের ছেলেরা পিটিয়ে শিউলি বেগমের মাথা ফাটিয়ে শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত করে দেয়। এ সময় সাথে থাকা স্বর্নালংকার ছিনিয়ে নিয়ে যায়। ওই রাতেই আহত শিউলি বেগমকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্দুরকানী থানার এসআই মো. ওয়াহিদুজ্জামান জানান, শিউলি বেগমের উপর হামলার ঘটনায় তার ভাসুর, দেবর, ভাসুরের তিন ছেলেসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীরা পলাতক রয়েছে।
