কঠোর নিরাপত্তায় শান্তিপূর্নভাবে মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন
মঙ্গলবার কঠোর নিরাপত্তায় মধ্য দিয়ে শান্তিপূর্নভাবে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের বিবাদমান দুই পক্ষ নির্বাচনী দাঙ্গা হাঙ্গামায় জড়িয়ে পড়লে এ উপজেলায় শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হয়। ফলে নির্বাচন কমিশন পঞ্চম ধাপের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করে নতুন তারিখ ঘোষণা করেন। পঞ্চম ধাপের স্থগিত হওয়া এ নির্বাচন আজ অনুষ্ঠিত হয়। ভোটারদের মাঝে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও প্রশাসন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তবে বৈরী আবহাওয়ার কারনে ভোটার উপস্থিতি ছিল কম।
উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঠবাড়িয়ায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৭৮৫জন। এতে নারী ভোটার ৯৫ হাজার ২ শত ৮৫ জন এবং পুরুষ ৯৪ হাজার ৫ শত। মোট ভাট কেন্দ্র ৮১টি। এর মধ্যে ২৪টি ভোট কেন্দ্র গুরুত্বপূর্ণ এবং ৫৭টি অধিক গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণ ভোট গ্রহনের লক্ষ্যে ১১ স্থরের আইন শৃংখলা বাহিনীর বলায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এতে ৫০ জন র্যাব সদস্য, ৯ প্লাটুন বিজিবি, ১০০০ পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য, আনসার ভিডিপি সদস্য ৯৭২ জন, ১১জন ম্যাজিষ্ট্রেট ও গোপন নিরাপত্তা বাহিনীসহ ১১ স্থরের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল।
