উপজেলা নির্বাচন
ইন্দুরকানীতে ভোটের আগে ভোট
ইন্দুরকানীতে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রাথমিক মনোনয়নের তালিকা প্রস্তুতে ১৭ জন প্রার্থীর ভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রাথমিকভাবে দলীয় সিদ্ধান্তের জন্য ভোটে অংশগ্রহণ করেন।
সোমবার ইন্দুরকানী সরকারী কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সর্বসম্মতক্রমে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের ৭৬ জন সদস্য ভোট দেন।
চেয়ারম্যার পদে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম. মতিউর রহমান ৫৯ ভোট, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান সেলিম হাওলাদার ৯ ভোট, সাবেক সাধারণ সম্পাদক মো. মোবারক আলী হাওলাদার ৩ ভোট, ভোটে আরও অংশ গ্রহণ করেন, মো. সাঈদ, জেলা পরিষদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও কামরুল ইসলাম।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান, সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, যুগ্ম সম্পাদক মো. গিয়াস উদ্দিন সেলিম, বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি রুহুল আমিন বাঘা, সাবেক উপজেলা যুবলীগের আহবায়ক নুরুজ্জামান খান, সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আকন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরামূল শিকদার, বালিপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. মোয়াজ্জেম হোসেন।
নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মহিলা লীগের সভানেত্রী দিলরুবা মিলন, সাবেক পত্তাশী ইউপি চেয়ারম্যান মরহুম দেলোয়ার হোসেন হাওলাদারের মেয়ে দিলারা পারভীন লাভলী।
তবে দল থেকে এর মধ্যে কাদের মনোনয়ন দিবে তা নিশ্চিত বলা যাচ্ছে না। রবিবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয় বিভিন্ন পদের প্রার্থীরা তাদের আবেদন পত্র জমা দেন।
