সংসদে যাচ্ছেন দুই জোড়া জামাই শ্বশুর
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন জামাই ও শ্বশুর। এর মধ্যে পৃথক চারটি আসন থেকে জয় পেয়েছেন দুই জোড়া জামাই-শ্বশুর।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সমর্থনে পিরোজপুর-২ (ইন্দুরকানী-ভান্ডারিয়া-কাউখালী আসন থেকে অংশ নিয়েছিলেন জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। তার মেয়ের জামাই মজিবুর রহমান চৌধুরী নিক্সন স্বতন্ত্র ভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ফরিদপুর-২ আসনে। 
অন্যদিকে, মহাজোটের শরীক দল হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব (মেজর অব.) এম এ মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। এই চারজন প্রার্থীই বিপুল ব্যবধানে জয় পেয়েছেন।
পিরোজপুর-২ আসনে বিএনপির মুস্তাফিজুর রহমান ইরানকে হারিয়েছেন জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। নিজের দলীয় বাইসাইকেল প্রতীক নিয়ে আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৪২৫ ভোট। আর বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মুস্তাফিজুর রহমান ইরান পেয়েছেন মাত্র ৬ হাজার ৩২৬ ভোট।
আনোয়ার হোসেন মঞ্জু’র মেয়ের জামাই নিক্সন চৌধুরী ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফর উল্লাহকে পরাজিত করেছেন। বঙ্গবন্ধু পরিবারের সদস্য নিক্সন চৌধুরী স্বতন্ত্রভাবে নির্বাচন করে পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ভোট। তার মূল প্রতিদ্বন্দ্বী কাজী জাফর উল্লাহ পেয়েছেন ৯৫ হাজার ৩৬৩ ভোট।
লক্ষ্মীপুর-৪ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৮৩ হাজার ৯০৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন মাহী বি চৌধুরীর শ্বশুর বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব এমএ মান্নান। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় নেতা জেএসডি সভাপতি আ স ম আবদুর রবকে হারিয়েছেন তিনি।
মুন্সীগঞ্জ-১ আসনে মহাজোট থেকে নৌকা প্রতীকে ২ লাখ ৮৬ হাজার ৬৮১ ভোট পেয়ে জয়ী হয়েছেন মাহী বি চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন পেয়েছেন ৪৪ হাজার ৮৮৭ ভোট।
