ভান্ডারিয়ার ধাওয়ায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারীবুনিয়া গ্রাম থেকে পিলার ব্যবসায়ী লাল মিয়ার ছেলে রাব্বী (২৮) নামের এক মাদক বিক্রেতাকে ১৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ শুক্রবার রাতে গ্রেফতার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ।
ভান্ডারিয়া থানার এস. আই. শহিদ জানান, আটক রাব্বীকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন থেকে রাব্বী মাদক ব্যবসা চালিয়ে আসছিল। রাব্বীর বাবা মো. লাল মিয়া ধাওয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা। বছর তিনে পূর্বে লাল মিয়া বোতল টাইপের পিলারসহ গ্রেফতার হওয়ার পর সাজা খেটে বের হয়। বর্তমানে তার ছেলে জড়িয়ে পড়ে মাদক ব্যবসায়। শুক্রবার মাদক বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানা পুলিশ কৌশলে রাতে রাব্বীর বাড়ি সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে থানার এস. আই. ওবায়দুল বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।
