কাউখালী শ্রীগুরু সংঘ আশ্রমে তিন দিনব্যাপী ভক্ত সম্মেলন শুরু
কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের তিন দিনব্যাপী তৃতীয় ভক্ত সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বন্দর পরিভ্রমণ শেষে আশ্রম প্রাঙ্গনে তিন দিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীগুরু সংঘ সার্বভৌম ভারতের সংঘের সভাপতি স্বামী ধ্রুবানন্দ সরস্বতী, বাংলাদেশের কেন্দ্রীয় আশ্রমের সাধারণ সম্পাদক শ্রী রনঞ্জয় কৃষ্ণ দত্ত, ভারতের নাগতলা কেন্দ্রীয় আশ্রমের সহ সম্পাদক স্বামী বিজ্ঞানানন্দ সরস্বতী, কোষাধ্যক্ষ বিপুল বরণ ঘোষ, ভক্ত সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অ্যাডভোকেট পরিতোষ সমদ্দার, শোভাযাত্রা উপ কমিটির আহবায়ক মানিক লাল কর প্রমূখ।
সম্মেলনে সংহতি জানিয়ে শোভাযাত্রায় অংশ নেন কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমিনুর রশিদ মিল্টন। সম্মেলনে বাংলাদেশ ও ভারতের চার হাজার প্রতিনিধি ও অসংখ্য ভক্তের সমাগম ঘটবে। আগামী ১০ মার্চ রাত ১১ টা ৫৯ মিনিটে সম্মেলনের সমাপ্তি ঘটবে।
সম্মেলন উপলক্ষে সাজানো হয়েছে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের আশপাশের এলাকা। তৈরী করা হয়েছে বিশাল বিশাল তোরন। আলোকসজ্জার পাশাপাশি মঞ্চে যাওয়ার রাস্তাগুলোকে আলোকসজ্জা করা হয়েছে।
