ইন্দুরকানীর জেপি সমর্থিত তিন ইউপি চেয়ারম্যান ও ২৭ ইউপি মেম্বরসহ অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান
দলীয় বাধা প্রতিবন্ধকতা ফেলে অবশেষে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার জাতীয়পাটি (জেপি)’র ব্যানারে নির্বাচিত তিন ইউপি চেয়ারম্যান, ২৭ ইউপি সদস্য ও ২০ জন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা বিএনপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার ঢাকার নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কায়ালয়ে এ যোগদান অনুষ্ঠানে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বিশেষ অতিথি বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক ও পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালন করেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।
বিএনপিতে যোগদানকৃতরা হলেন- উপজেলা জাতীয়পার্টি (জেপি)’র আহবায়ক ও পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার, জেপি সদস্য সচিব ও ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ঈমন, জাতীয়পার্টি- জেপির যুগ্ম আহবায়ক ও চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, জেপি সমর্থক ইউপি সদস্য মো. মজনু হোসেন রনি, শহিদুল ইসলাম, আমজাদ হোসেন, মাসুমা আকতার, শাহরিয়ার, জামাল হোসেন, হিরু, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মিজানুর রহমান, আবুল বাশার, কাওসার আহমেদ, আসমা আকতার লিমা, মো. জুবায়ের হোসেন, জাকির হোসেন আব্দুর রব শেখ, তাসরিমা, নুরুল ইসলাম, সাহিদা বেগম, মিজানুর রহমান, নাসিমা বেগম, আসমা আকতার, ইলিয়াস হোসেন, আলী হায়দারসহ ৩০ জন ইউপি সদস্য ও ২০জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী। তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শের প্রতি আস্থা রেখে দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুগত থেকে বিএনপিতে যোগদান করেছেন। তাদের ফুল দিয়ে বরণ করেন পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। এর আগে কেন্দ্রীয় নেতাদের হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন। পরে যোগদানকৃতরা জিয়াউর রহমান ও খালেদার জিয়ার কবর জিয়ারত করেন।
এদিকে, যোগদান অনুষ্ঠানে ইন্দুরকানী উপজেলা বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন না। এ বিষয়ে ইন্দুরকানী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার জানান, বিএনপিতে চেয়ারম্যান মেম্বরদের যোগদানের বিষয়টি আমরা জানি। সময়ের অভাবে ঢাকায় যেতে পারি নি। তাদের যোগদান বিএনপির ঘাটি হিসাবে পরিচিত জিয়ানগর (ইন্দুরকানী উপজেলা) আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে জয়লাভ করতে সহযোগিতা করবে এবং বিএনপি আরও শক্তিশালী হবে। তিনি নুতন যোগদানকৃত চেয়ারম্যান মেম্বরদেরসহ রাজৈনতিক ব্যক্তিদের অভিনন্দন জানান।
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাঈদুল ইসলাম কিসমত জানান, জাতিয়পার্টি জেপির তিন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ অর্ধশতাধিক লোক বিএনপির প্রতি আস্থা অর্জন করে দলে যোগদান করায় দল অনেক গতিশীল হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর প্রভাব পড়বে। তারা দলের নেতা কর্মীদের সাথে মিলে মিশে কাজ করবে।
ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান ও বিএনপিতে সদ্য যোগদানকারী মাসুদ করিম তালুকদার জানান, দেশের ও এলাকার প্রয়োজনে জাতীয়পার্টি (জেপি) ছেড়ে বিএনপি নীতি ও আদর্শের প্রতি আস্থা রেখে বিএনপিতে নেতা কর্মীদের নিয়ে যোগদান করেছি। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে নুতন বাংলাদেশ গড়ার অংশিদার হয়ে কাজ করতে চাই।
