কাউখালীতে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা : পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা
পিরোজপুরের কাউখালীতে ডাকাত আখ্যা দিয়ে মো. আলী (৩০) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শিয়ালকাঠি বান্দাকাটা গ্রামে ডাকাত বলে তাকে গণপিটুনি ও কুপিয়ে মারাত্বক আহত করে স্থানীয় কিছু লোক। পরে রাত সাড়ে ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
নিহত আলী উপজেলার শিয়ালকাঠী গ্রামের বান্দাঘাটা এলাকার বাসিন্দা হাকিম হাওলাদারের ছেলে। পরিবার ও আত্মীয়-স্বজনদের অভিযোগ আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রতিবেশী কয়েকজনের সাথে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে।
জানা গেছে, রবিবার সন্ধ্যা ৭টার দিকে শিয়ালকাঠি বান্দাকাটা গ্রামে ডাকাত ডাকাত বলে কিছু লোক চিৎকার করে। পরে স্থানীয়রা ডাকাত সন্দেহে আলীকে আটক করে বেধড়ক মারধর করেন। এরপরে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে তাকে গণপিটুনি ও কুপিয়ে আহত করে হাত-পা বেঁধে ফেলে রাখে।
পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আলীকে উদ্ধার করে রাত ৯টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত যুবকের স্ত্রী সোনিয়া বেগম জানান, আলী হোসেন এবং তিনি অধিকাংশ সময় বাড়িতে থাকতেন না। রবিবার সকালে তার স্বামী ও ভাই সোলায়মানসহ তারা তিনজন বাড়িতে আসেন। রাতেই আবার তাদের ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় ৫০/৬০ জন লোক তাদের বাড়ির সামনে এসে ‘ডাকাত’ বলে চিৎকার শুরু করে। এ সময় আলী ঘরের বাইরে বের হলে তাকে ধরে ঘরের পাশে একটি সুপারি বাগানে নিয়ে জিআই পাইপ দিয়ে নির্মমভাবে মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ সময় আমি তাদের কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইলে আমাকে এবং আমার ভাইকেও মারধর করে।
তিনি অভিযোগ করে বলেন, আলী বাড়িতে এসেছে এটা জানতে পেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। প্রতিবেশী কিছু ব্যক্তির সাথে পূর্ব বিরোধের জেরে এ নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটানো হয়েছে।
এদিকে স্থানীয়রা জানান, বিগত দিনে আলী মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যলাপের সাথে জড়িত ছিল। তবে দীর্ঘদিন ধরে সে এলাকায় থাকতো না। মাঝে মধ্যে বাড়িতে আসতো।
শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান বলেন, গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে থানায় ফোন দেই এবং আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, আলীকে মারধরের ঘটনায় রবিবার রাতে আলীর স্ত্রী সোনিয়া বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
