কাউখালীতে ব্যবসায়ীর বাড়িতে চুরি
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠীতে এক ব্যবসায়ীর বাসার তালা ভেঙে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকাসহ প্রায় ৪৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে চোরচক্র।
ঘটনাটি ঘটে বুধবার শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায়। এ ঘটনায় অজ্ঞাত চোর চক্রের বিরুদ্ধে কাউখালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকার ব্যবসায়ী মো. আমির হোসেন ও তার পরিবার ঈদুল আজহা উপলক্ষে গ্রামের বাড়ি উপজেলার শিয়ালকাঠী গ্রামের বাড়িতে আসে। বুধবার সন্ধ্যায় বাসার সকলে আমির হোসেনের শ্বশুর বাসায় বেড়াতে যায়। সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে এসে দেখেন বিল্ডিং এর সামনে দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে প্রত্যেক রুম তছনছ করে এবং রুমের মধ্যে থাকা আমির হোসেন এর স্ত্রী ও মেয়ের ষ্টীলের আলমীরা ভেঙ্গে প্রায় ২২ ভরি স্বর্ণের গহনা যার বাজার মুল্য ৩৮ লাখ ৫০ হাজার টাকা এবং নগদ ৪ লাখ ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এছাড়া বাসার কয়েকটি কক্ষের তালা ভেঙ্গে শোকেস, ওয়ারড্রপ, লাগেজ তছনছ করে। এ ব্যাপারে কাউখালী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী আমির হোসেন।
এদিকে একই দিন সন্ধ্যায় শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় বশীর আহম্মেদ এর বহুতল ভবনের ভাড়াটিয়ার বাসার দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমীরা এবং ওয়ারড্রব ভেঙ্গে প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায় চোরের দল।
এ ব্যাপারে কাউখালী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, শিয়ালকাঠীর চুরির ঘটনায় দুইটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
