বাবার মৃত্যু সইতে পারেনি ছেলে
পিরোজপুরের কাউখালীতে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে ছেলে আরিফুল ইসলামের মৃত্যু হয়েছে। কাউখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা তারা।
গত ২১আগষ্ট রাত সাড়ে ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবা মো. নুরুল ইসলাম ও আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হৃদরোগ ইনষ্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছেলে আরিফ।
প্রতিবেশীরা জানান, সম্প্রতি নুরুল ইসলাম ঢাকায় বড় ছেলের আরিফের বাসায় গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করে। গত ২১আগষ্ট রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরে নুরুল ইসামের মরদেহ ঢাকা থেকে কাউখালীর বাড়িতে আসার পথে কান্নাকাটি করে অজ্ঞান হয়ে যান তার ৩২ বছর বয়সী ছেলে আরিফ।
এ অবস্থায় আরিফকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হৃদরোগ ইনষ্টিটিউট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তারও মৃত্যু হয়।
বাবা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকালে বাসষ্ট্যান্ড এলাকায় বাবার জানাযা শেষে দুপুরে গ্রামের বাড়ি বড় বিড়ালজুড়ি গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। বাদ আসরের পর জানাজা শেষে ছেলে আরিফের মরদেহ একই স্থানে দাফন করা হয়।
