কাউখালীতে পটকা মাছ খেয়ে জেলের মৃত্যু ॥ ৬ জেলে অসুস্থ
পিরোজপুরের কাউখালীতে পটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে এক জেলে মারা গেছেন। একই মাছ খেয়ে আরো ৬জন জেলে অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে দু’জন বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মারা যাওয়া জেলে হলেন সুশীল দাস (৫০)। তিনি বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামের রাম দাসের ছেলে। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দু’জন হলো রবীন্দ্র নাথ বিশ^াস (৬০) ও হীরা লাল (৩২)। অসুস্থ অন্য জেলেরা হলেন- সমিরন বিশ^াস (৪০), সুমন (২৭), গৌতম (৩৮)। তাদের সকলের বাড়ি একই গ্রামে।
জেলে সমিরন বিশ^াস বলেন, তারা ১১জন জেলে গত ৯দিন ধরে সুন্দরবনের খালে চাপা জাল দিয়ে মাছ শিকার করে তা শরণখোলা বিক্রি করে সোমবার সকালে বানারিপাড়ার কদমবাড়ির উদ্দেশ্য রওনা দেন। পথিমধ্যে দুপুরে কাউখালীতে তাদের ইঞ্জিনচালিত নৌকা থামিয়ে ভাত এবং নৌকায় থাকা পটকা মাছ রান্না করে খায়। এর কিছুক্ষন পরই সুশীল, রবীন্দ্রনাথ, হীরা লালসহ সকলে অসুস্থবোধ করেন এবং অনেকে বমি করেন। পরে দুপুর দেড়টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেলে কর্তব্যরত চিকিৎসক সুশীল ও রবীন্দ্রনাথকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দুপুর দুইটার দিকে বরিশাল নেবার পথে সুশিল রায় মারা যায়।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. মামুন হোসেন জানান, সুশীলকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে এলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পথেমধ্যেই সে মার যায়। তিনি আরো বলেন পটকা মাছ বিষক্ত, এ মাছ কারও খাওয়া উচিত না। এর চিকিৎসা আমাদের এখানে নেই।
কাউখালী থানার ওসি বনি আমিন বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
