কাউখালীতে স্থগিত ব্রীজের নির্মাণ কাজ শুরুর দাবীতে অবস্থান কর্মসূচি
পিরোজপুরের কাউখালীতে ব্রীজের কাজ স্থগিত হয়ে যাওয়ার প্রতিবাদে ও স্থগিতকৃত কাজ পুনরায় শুরুর দাবীতে অবস্থান কর্মসূচি পালন করছেন স্থাণীয়রা।
শনিবার সকালে কাউখালী উপজেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলার এস.বি সরকারি বালিকা বিদ্যালয়ের সংলগ্ন নির্মানাধীন ব্রীজের কাছে কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু’র সভাপতিত্বে ওই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, মনোয়ার হোসেন মিয়া, ছাত্রলীগ নেতা পলাশ সিকদার, ছাত্রনেতা কামরুল খান, ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, স্থানীয় ব্যবসায়ী অরবিন্দ সিকদার, সাবেক ইউপি সদস্য মো. সাবুর, দিপেন রায় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জরুরী ভিত্তিতে ব্রীজের কাজ শুরু না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেয়া হবে। এ সময় কাউখালী উপজেলার উন্নয়নের দাবিতে সবাই ঐক্যবদ্ধ থাকার জন্য শপথ বাক্য পাঠ করান উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু।
জানা গেছে, গত ২০২০ সালে এলজিইডি’র উদ্যোগে আইবিআরপি প্রকল্পের আওতায় উপজেলার ডাকবাংলো সড়ক থেকে কাউখালী-স্বরূপকাঠী রাস্তার এস.বি সরকারী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় একটি ব্রীজ নির্মান কাজের দরপত্র আহ্বান করা হয়। জেলার মঠবাড়িয়া উপজেলার ঐশী এন্টারপ্রাইজ নামের একটি নির্মাণ প্রতিষ্ঠান সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ কোটি ২১ লাখ ১৭ হাজার ৮৪৩ টাকায় কার্যাদেশ পান। ব্রীজটি গত বছরের ৮ জুলাই কাজ শুরু হয় এবং চলতি বছরের আগামী ৮ জুলাই শেষ হবার কথা রয়েছে। কিন্তু সামান্য কিছু কাজ হয়ে সম্প্রতি ব্রীজটির নির্মান কাজ বন্ধ রয়েছে। ফলে স্থানীয়দের চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
এ ব্যাপারে এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মোস্তাক আহম্মেদ জানান, ওই ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ বন্ধ রাখায় তাকে কাজ চালু করার জন্য চিঠি দেয়া হয়েছে। শীঘ্রই তার বিরুদ্ধে আইনী ব্যস্থা নেয়া হবে।
