ইন্দুরকানীতে খাল খনন কর্মসূচি বন্ধ করে দিয়েছে বিক্ষুব্দ জনতা
পিরোজপুরের ইন্দুরকানীতে পানি উন্নয়ন বোর্ডের খাল খনন কর্মসূচিতে বাগান বাড়ি ও গাছপালা কেটে উজাড় করায় খাল খননের কাজ বন্ধ করে দিয়েছে বিক্ষুব্দ গ্রামবাসী। সোমবার সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের কলারণ গ্রামের ২টি খাল খননের কাজ বন্ধ করার জন্য বিক্ষোভ প্রদর্শন করে তিন গ্রামের শত শত মানুষ।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলার বালিপাড়া ইউনিয়নের কলারন গ্রামে দুটি খালে মাটি কাটা ভেকু মেশিন দিয়ে খনন কাজ শুরু হয় গত রবিবার থেকে। কিন্তু খাল চওড়া ২৫ থেকে ২৬ ফুটের মধ্যে হলেও পাউবোর কাজের নকশায় ৪২ ফুট রয়েছে। এ কারণে খালের অংশ ২৬ ফুট বাদে বাকি দু’পাড়ে স্থানীয় বাসিন্দাদের বাগান বাড়ি। পাউবো’র নকশা অনুযায়ী বর্তমানে ৪২ থেকে ৪৩ ফুট চওড়া খালের খনন কাজ শুরু করায় খালের দু’পাড়ে বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের বাগান বাড়ির গাছপালা, ঘরবাড়ি, কবর স্থান নষ্ট হচ্ছে। এছাড়া ভেকু মেশিন দিয়ে মাটি কাটার ফলে খালের অংশ ৪২ ফুট বাদে দু’পাড়ে আরো প্রায় ১৫ থেকে ১৬ ফুট জমির গাছপালা নষ্ট হবে। এ কারণে ক্ষোভে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। তারা বাগান উজাড় করে কাজ বন্ধ করে ভেকু মেশিন ছাড়া শ্রমিক দিয়ে শুধু খালের মুল অংশ এসএ নকশা অনুযায়ী খনন করার দাবি জানান।
সরেজমিনে গেলে কলারণ গ্রামের হুমায়ুন কবির, মাহাবুবুর রহমান কালো তালুকদার, মোয়াজ্জেম মাঝি, সহিদুল ইসলাম, লুৎফর ডাক্তার, আ. আজিজ সেখ, আনিচ জোমাদ্দার, খোকন সেখ, ফারুক হাওলাদার, করিম জোমাদ্দারসহ স্থানীয় বাসিন্দারা জানান, এভাবে খাল খনন করলে আমাদের সম্পদের অনেক ক্ষতি হবে। তাই এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
এ ব্যাপারে স্থানীয়দের বরাত দিয়ে বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন খাল খননে স্থানীয়দের বাধার বিষয়টি তিনি শুনেছেন বলে জানান।
পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাঈদ আহমদ জানান, খাল খননের জন্য পূর্বে একটি নকশা তৈরী করা হয়েছিল। পানি উন্নয়ন বোর্ডের ঐ নকশা অনুযায়ী বর্তমানে খাল খনন হচ্ছে। আর এ খাল খনন হলে এলাকাবাসিই সুবিধা ভোগ করবে বলে তিনি জানান।
