কাউখালীর খেলাঘরের টুম্পা সমদ্দার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান
জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর পরিবারের সদস্য বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী টুম্পা সমদ্দার ঢাকা বিশ্ববিদ্যালয় এর সংগীত বিভাগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত পহেলা জুলাই তিনি এ পদে যোগদান করেন। তার এ সাফল্যে কেন্দ্রীয় খেলাঘরসহ কাউখালীর খেলাঘর কর্মীদের মধ্যে খুশীর হাওয়া বইছে।
টুম্পা সমদ্দারের জন্ম ১৯৮০ সালে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার উজিয়ালখান গ্রামে। তার পিতার নাম নির্মল কৃষ্ণ সমদ্দার, মায়ের নাম শুভ্রা সমদ্দার। ছোট্ট বেলা থেকেই টুম্পা খেলাঘরের সাথে যুক্ত। এক সময় তাদের উঠোনেই খেলাঘরের আসর বসত। কাউখালীর ঐতিহ্যবাহী এ আসরটির নাম উত্তরায়ণ খেলাঘর আসর। পড়াশুনার বাইরে তার নেশা ছিল খেলাঘর। কখন বিকেল হবে, কখন আসর বসবে, কখন গান শেখানো হবে এ চিন্তায় বিভোর থাকতেন তখনকার টুম্পা ও তার সহপাঠীরা। তার সংস্কৃতি চর্চার মূল প্রেরণার জায়গাটিই হচ্ছে এই খেলাঘর । দীর্ঘদিন তিনি এই আসরের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
গানে তিনি তালিম নিয়েছেন সংগীত শিক্ষক পবিত্র সাহার কাছে। এছাড়া খেলাঘর সংগঠক সঞ্জিত সাহা ও সুব্রত রায় তার অনুশীলনে তবলায় সংগত করাসহ বিভিন্ন প্রতিযোগিতায় নির্দেশনা ও পরামর্শকের ভূমিকা পালন করেছেন। সেই ধারাবাহিকতায় টুম্পা সমদ্দার গানে বিভিন্ন সময়ে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছেন।
টুম্পা সমদ্দার কৃতিত্বের সাথে ১৯৯৬ সালে এসএসসি, ১৯৯৮ সালে এইচএসসি পাস করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগীত ও নাট্যকলা বিভাগে অনার্সে ভর্তি হন। ২০০৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ মাষ্টার্সে প্রথম শ্রেনিতে প্রথম স্থান লাভ করেন। ২০০৮ সালে তিনি ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পেশায় নিয়োজিত হন। ২০১০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। গত পহেলা জুলাই তিনি সংগীত বিভাগের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।
টুম্পা সমদ্দার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার, সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ও কাউখালী আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুব্রত রায়, খেলাঘর পিরোজপুর জেলা কমিটির সভাপতি নাসিরউদ্দিন খান, সাধারণ সম্পাদক দেবাশীষ গুহ, উত্তরায়ণ খেলাঘর আসরের সভাপতি উপাধ্যক্ষ সঞ্জিত কুমার সাহা ও সাধারণ সম্পাদক বীথিকা সাহা, সূর্যোদয় খেলাঘর আসরের সভাপতি মো. কামরুজ্জামান মিঠু ও সাধারণ সম্পাদকলিটন কৃষ্ণ কর প্রমূখ।
